যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, একই দিনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও পৃথক সাক্ষাৎ করেছেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেন। বৈঠকগুলোয় দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান অগ্রগতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
এ বিষয়ে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের মেটা পেজে প্রকাশিত এক পোস্টে রাষ্ট্রদূত ক্রিসটেনসেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।









