গবেষক ও অর্থনীতিবিদ ড. আমিরুল ইসলাম চৌধুরীর বিষয়ে স্মৃতিচারণ করে তার শিক্ষার্থী ও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, শ্রেণিকক্ষের শিক্ষক থেকে অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী আমাদের বাস্তব জীবনের শিক্ষক হয়ে উঠেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লুতে বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) যৌথ উদ্যোগে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ফাহমিদা খাতুন বলেন, প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরী স্যারকে আমরা ‘এআইসি স্যার’ বলে ডাকতাম। আজ তিনি সংবর্ধিত হচ্ছেন—এ কারণে তার ছাত্রী হিসেবে আমি গর্বিত ও আনন্দিত। আমি মনে করি, যথাযথ ব্যক্তিকেই গুণীজন হিসেবে সংবর্ধনা দেয়া হচ্ছে। স্যারের সঙ্গে আমার দারুণ সব স্মৃতি রয়েছে।
শিক্ষকের সঙ্গে স্মৃতিচারণ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে তিনি আমাকে দুটি বিষয় পড়িয়েছেন—একটি মানি অ্যান্ড ব্যাংকিং, অন্যটি পাবলিক ফাইন্যান্স। স্যারের একটি অসাধারণ গুণ ছিল তার বাচনভঙ্গি ও উপস্থাপনা দক্ষতা। তার বাচনভঙ্গি এতই চমৎকার ছিল যে, যে কেউ সহজেই তার উপস্থাপনা বুঝতে পারত। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে আমি কখনো অর্থনীতি পড়িনি। কিন্তু স্যারের ক্লাস করার পর খুব দ্রুতই অর্থনীতি আয়ত্ত করতে পেরেছি। এটি ছিল তার বড় একটি যোগ্যতা।
অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরীর বিষয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, অর্থনীতিকে তত্ত্বের বাইরে নিয়ে গিয়ে বাস্তব জীবনের সঙ্গে সংযোগ করাটাও স্যারের কাছ থেকেই শেখা। ক্লাসের সবচেয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীটিও যেন সব বুঝতে পারে—সে জন্য তিনি বাস্তব জীবন থেকে উদাহরণ টেনে আমাদের বোঝাতেন। তিনি শ্রেণিকক্ষের শিক্ষক থেকে আমাদের বাস্তব জীবনের শিক্ষক হয়ে উঠেছিলেন।
প্রফেসর আমিরুল ইসলামের অবসর সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত একজন মানুষ। আড্ডা দিতে খুব পছন্দ করতেন। সেটি শুধু সহকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; শিক্ষার্থী হিসেবে আমরাও সেই সুযোগ পেয়েছি। স্যারের সঙ্গে আমার একটি বিশেষ সম্পর্ক রয়েছে। স্যার আমার বিয়েতে উকিল বাবা ছিলেন। সে সূত্রে তার বাসায় অনেকবার যাওয়া হয়েছে। নৈশভোজে গেলে দীর্ঘ রাত পর্যন্ত আড্ডা চলত। কারণ তিনি আড্ডা দিতে ভীষণ ভালোবাসতেন। আরেকটি বিষয় ছিল—স্যারের শোনা ও জানার আগ্রহ ছিল তীব্র। আমরা শিক্ষার্থী বলেই যে তিনি শুধু বলবেন আর আমরা শুনব—এমনটি তিনি করতেন না। শিক্ষার্থীদেরও কথা বলতে দিতেন, তারপর মনোযোগ দিয়ে সেসব শুনতেন।
পড়ালেখা শেষ করার পরও শিক্ষকের সঙ্গে যোগাযোগের কথা তুলে ধরে ফাহমিদা খাতুন বলেন, স্যার যখন ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পোস্টডক করতে যান, তখন আমরা বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছি। দিল্লিতে অবস্থানকালে তিনি হাতে লিখে আমাকে ও আমার স্বামীকে চিঠি পাঠিয়েছিলেন। আমি ও আমার স্বামী—দুজনই স্যারের প্রিয় শিক্ষার্থী ছিলাম। চিঠিটি ছিল দীর্ঘ। সেখানে তিনি তার গবেষণার কথা লিখেছিলেন। পাশাপাশি বাংলাদেশে আরো কী কী করা যেতে পারে, সে বিষয়েও মতামত তুলে ধরেছিলেন। দূরে থেকেও শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ তিনি কখনো ভুলে যাননি।
সিপিডির নির্বাহী পরিচালক তার শিক্ষকের নীতি-নৈতিকতার প্রসঙ্গ তুলে বলেন, তিনি ছিলেন একজন সজ্জন ও উচ্চ নীতিবান মানুষ। উপাচার্য থাকাকালে আমিরুল স্যার খুবই সাধারণ জীবনযাপন করতেন। তার সন্তানরাও সুসন্তান। তারা কখনো উপাচার্যের সন্তান হিসেবে আলাদা কোনো সুবিধা নেননি। ক্যাম্পাস থেকে ঢাকা শহরে যাতায়াতের সময় তিনি কখনোই উপাচার্যের গাড়ি ব্যবহার করতেন না। সবসময় লোকাল বাসে সাধারণ মানুষের সঙ্গে চলাচল করতেন। বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পরও বিভিন্ন সময়ে স্যারের সঙ্গে তার আলাপ-আলোচনা হতো। পেশাগত সম্পর্কের বাইরেও তাঁদের মধ্যে একটি অনানুষ্ঠানিক সংযোগ ছিল, যা বিনি সুতোর মতো আজও তাদের সঙ্গে গেঁথে আছে—বলেও মন্তব্য করেন তিনি।










