দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ১৬২ শিশু মারা গেছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে এক হাজার ৫৮ শিশু এবং নিশ্চিত হামে আরো ১০৪ শিশু প্রাণ হারিয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘন্টায় নিশ্চিতভাবে হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২৭৩ শিশু। এর মধ্যে, ৯৩ শিশু হামে আক্রান্ত, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ১৮০।
একই সময়ে এক হাজার ১০২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫ হাজার ২৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৪২১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৮২ হাজার ৪৭ রোগী, যাদের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৪৬৯ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।










