আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংক্ষিপ্ত আকারে নির্বাচনের পথনকশা (রোডম্যাপ) প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ জানুয়ারি) এই রোডম্যাপ প্রকাশ করা হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

এর আগে গত জুলাইয়ে একটি নির্বাচনী কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। তবে ওই পথনকশা অনুযায়ী নির্ধারিত সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ যথাসময়ে সম্পন্ন করতে পারেনি ইসি। এরমধ্যে রাজনৈতিক দল নিবন্ধন এবং সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস উল্লেখযোগ্য।

নতুন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি তিনশ সংসদীয় আসনের ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। এরপর ২৮ জানুয়ারি আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ১ ফেব্রুয়ারি আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য অর্থ বরাদ্দ এবং নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কার্যকর হবে। ২ ও ৩ ফেব্রুয়ারি ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে।

তবে ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা ভোটকেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প স্থাপন না করার বিষয়ে বিশেষ নির্দেশনাও দিয়েছে নির্বাচন কমিশন।