রাজবাড়ীতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পাকিস্তানি মালটা। জেলায় এ বছর আট হেক্টর জমিতে মালটা চাষ হয়েছে। কৃষি বিভাগ বলছে, মালটার বাগান একবার তৈরি করলে ১০-১২ বছর ফল পাওয়া যায়। রাজবাড়ীর আবহাওয়া ও মাটি মালটা চাষের জন্য উপযোগী হওয়ায় এটি আগামীতে সম্ভাবনাময় ফসল হবে। মালটা চাষে কৃষকের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।

ইউটিউব দেখে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের মো. আলাউদ্দিন শেখ মালটা চাষ করে পেয়েছেন সফলতা। তার বাগান থেকে বছরে কয়েক লাখ টাকার মালটা বিক্রি হবে বলে আশা করছেন তিনি। আড়াই বছর আগে রংপুরের এক বন্ধুর কাছ থেকে পাকিস্তানি মালটা গাছের চারা সংগ্রহ করে বাগান তৈরি করেন তিনি। এক হেক্টর জমিতে রয়েছে তার দুই হাজার মালটা গাছ। যেখানে প্রতিটি গাছেই থোঁকায় থোঁকায় দুলছে সবুজ ও হলুদ রঙের মালটা। এরই মধ্যে ১ লাখ টাকার মালটা বিক্রি হয়েছে। এখনো বাগানে রয়েছে আরো ২০০ মণ মালটা, যা বিক্রি হবে সাড়ে ৫-৬ লাখ টাকা।

আলাউদ্দিন শেখ বলেন, ‘খেতে সুস্বাদু ও রসালো এই ফল চাষে সুবিধা ভোগ করা যায় বছরের পর বছর। তাছাড়া ফলনও অনেক বেশি। প্রতিটি গাছেই ২০-২৫ কেজি মালটা ধরেছে। বর্তমানে  বাগান থেকে ৭০-৭৫ টাকা কেজি দরে মালটা বিক্রি হচ্ছে।’

রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, ‘পাকিস্তানি মালটা একটি জনপ্রিয় ফল হিসেবে পরিচিতি পেয়েছে। মালটা চাষে উপসহকারী কৃষি কর্মকর্তারা সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছেন। এতে প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। এছাড়াও মালটায় রোগবালাই তেমন না থাকায় লাভ হয় বেশি। ক্ষতির আশঙ্কা একেবারেই কম। মালটার বাগান একবার তৈরি করলে ১০-১২ বছর ফল পাওয়া যায়। রাজবাড়ীর আবহাওয়া ও মাটি মালটা চাষের উপযোগী হওয়ায় এটি আগামীতে একটি সম্ভাবনাময় ফসল হবে।’