জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাজে অধিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বন্দর, কাস্টমস কর্মকর্তা, আমদানি রফতানিকারক সিঅ্যান্ডএফ এজেন্ট, শ্রমিক নেতা ও স্থানীয় প্রশাসনকে নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১টায় স্থলবন্দরের সভাকক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর কবীর এ গণশুনানি গ্রহণ করেন। এতে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম আরো গতিশীল করতে বন্দরের বিরাজমান সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে সঠিক পদ্ধতিতে বন্দরের কার্যক্রম পরিচালনা করতে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার কামরুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাংলাহিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন, সহসভাপতি আব্দুল আজিজ, পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার এসএম হায়দার, অশিত সান্যাল, জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, শ্রমিক নেতা গোলাম মোরশেদ উপস্থিত ছিলেন।










