সড়ক দুর্ঘটনায় জামালপুর, নেত্রকোনা ও কক্সবাজারে তিনজন নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
জামালপুর: জেলার ইসলামপুরে গাড়ির ধাক্কায় শেখ কামাল (২৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ কামাল চিনাডুলি ইউনিয়নের পশ্চিম বলিয়াদহের শেখ সুরুজের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শেখ কামাল দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। গতকাল দুপুরে পৌর শহরের কাচারিপাড়া বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার সময় পেছন দিক থেকে একটি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
নেত্রকোনা: জেলা শহরের প্রধান সড়কে পিকআপের ধাক্কায় আব্দুল গনি (৫৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে আঞ্জুমান স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল গণি সদর উপজেলার মেদনী ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল গণি রাত ৮টার দিকে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় মেছুয়া বাজার থেকে ময়মনসিংহগামী একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম জানান, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।
কক্সবাজার: রামুতে পিকআপ ভ্যানচাপায় ইমারী রাখাইন নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিহত ইমারী রাখাইন একই এলাকার উহ্লা রাখাইনের স্ত্রী। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক এবং বানিয়ারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির ফুল বাগানে গাছের পরিচর্যা করার সময় হঠাৎ একটি পিকআপ ভ্যান সড়ক থেকে ছুটে এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান জানান, সকালে রামু-মরিচ্যা সড়কলাগোয়া নিজ বাড়িতে ফুল গাছের পরিচর্যা করছিলেন ইমারী রাখাইন। এ সময় রামু উপজেলা সদরমুখী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাড়িতে ঢুকে পড়ে। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।










