হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাপানি প্রতিষ্ঠান ‘সাব-ওয়ার্কিং গ্রুপ’ আজ মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরে তাদের প্রস্তাব দাখিল করেছে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে জাপানি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাসাহিরু হিরাই এ প্রস্তাব জমা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেবিচকের অন্যান্য সদস্য এবং জাপানি প্রতিনিধি দলের সদস্যরা।
প্রস্তাব দাখিলের সময় জাপানি প্রতিষ্ঠানটি কারিগরি ও আর্থিক প্রস্তাবসংবলিত পৃথক নথি জমা দেয়। দাখিল করা প্রস্তাবগুলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত আরএফপি ইভ্যালুয়েশন কমিটির মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে মূল্যায়ন করা হবে।
উক্ত মূল্যায়ন কমিটিতে বেবিচকের সদস্য (প্রশাসন), সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।
মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে কারিগরি প্রস্তাব এবং পরবর্তীতে আর্থিক প্রস্তাব মূল্যায়ন করা হবে। মূল্যায়ন শেষে প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতা কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চুক্তির তারিখ চূড়ান্ত করা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের বিমান খাতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা এবং দক্ষ পরিচালন ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাতকে আরও শক্তিশালী ও বিশ্বমানের করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










