উজবেকিস্তান সফররত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উজবেক প্রেসিডেন্ট শভকাত মির্জিয়োয়েভের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের বহুমুখী অংশীদারত্ব আরো সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত হয়েছে।

খলিলুর রহমান সমরখন্দে ‘শিশুদের কল্যাণে বিনিয়োগ: ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও ন্যায়সংগত উন্নয়নের পথে’ শীর্ষক বিশ্ব সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তান সফর করছেন। গতকাল ঢাকায় পাওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। গতকাল শুরু হওয়া এ সম্মেলনের আজ শেষ দিন।

বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্প্রসারণ এবং অংশীদারত্ব আরো জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট মির্জিয়োয়েভ। এ সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে উজবেক প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা জানান খলিলুর রহমান। আলোচনায় জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ ও জোরদার করার বিষয়টিও গুরুত্ব পায়।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, মধ্য এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং শান্তির সংস্কৃতি ও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সংলাপের পরিবেশ গড়ে তুলতে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ তাদের অভিন্ন আগ্রহ পুনর্ব্যক্ত করে।

সাম্প্রতিক বছরগুলোতে উজবেকিস্তানের উদ্যোগে জাতিসংঘ সাধারণ পরিষদে ১৫টি প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে চলতি বছর দুটি প্রস্তাব গৃহীত হয়েছে। এছাড়া ২০৩৫-৩৬ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে প্রার্থিতার ঘোষণা দিয়েছে উজবেকিস্তান।