ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী পন্থায় দুদেশের ‘জনগণ-কেন্দ্রিক’ সহযোগিতা আরো জোরদার করতে চায় নয়াদিল্লি।

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, নির্বাচনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠান। একই দিন তাদের মধ্যে টেলিফোনে কথোপকথনও হয়।

তিনি জানান, ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করতে লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকা সফর করেন। এ সময় নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করা হয়।

হাইকমিশনার আরো বলেন, এসব যোগাযোগে দুদেশের ঐতিহাসিক সম্পর্ককে আরো এগিয়ে নেয়া এবং বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।