লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় সে চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহিনুল ইসলাম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন।
লালমনিরহাটের ৬১ বিজিবি (তিস্তা ব্যাটালিয়ন) ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৩টার দিকে বুড়িমারীর বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে দুই শিশুসহ দুজন নারী ও আটজন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে তাৎক্ষণিক ওই এলাকায় অবস্থান নেন ৬১ বিজিবির টহল দলের সদস্যরা। তাদের বাধায় বিএসএফের সে চেষ্টা ব্যর্থ হয়।
লালমনিরহাট ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শাহিনুল ইসলাম জানান, যেহেতু ওই লোকজনকে বাংলাদেশে পুশ-ইন করতে পারেনি, তাই তাদের জিজ্ঞাসাবাদ করা যায়নি। তাদের মধ্যে আটজন পুরুষ, দুই শিশু ও দুজন নারী রয়েছেন। লে. কর্নেল মো. শাহিনুল ইসলাম আরো বলেন, ‘ওই লোকজনকে পুশ-ইনের প্রতিহত করেছে বিজিবি। পতাকা বৈঠক ডাকা হয়েছে। এর আগে কিছু বলা যাচ্ছে না।’










