চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে হুন্ডির ২৩ লাখ ৪৮ হাজার টাকাসহ দু’জনকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে হুন্ডির টাকাসহ দুজনকে আটক করে বিজিবি। আটক ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গা সুবদিয়া গ্রামের কাশেম আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) এবং জয়নগর গ্রামের মৃত মস্তর আলীর ছেলে শওকত (৫২)। 

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের (পিএসসি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনস্থ দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত সীমান্ত হতে আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্যামপুর তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে দু’জন ব্যক্তি একটি মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকা দিয়ে দর্শনার দিকে আসতে দেখলে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে একটি কালো রঙের ব্যাগসহ তাদেরকে আটক করে। পরবর্তীতে আটককৃত আসামিসহ ব্যাগটি তল্লাশি করে নগদ ২৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা, ১টি মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করে। আটক দু'জনকে টাকাসহ দর্শনা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।