বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারকে (৭০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল সকাল ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মুক্তিযোদ্ধার মামাতো ভাই শফিকুল ইসলাম জানান, পার্শ্ববর্তী গ্রামের সিপাই বংশের কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল মুক্তিযোদ্ধা দেলোয়ারের। গতকাল সকালে জমিতে ধান লাগানো নিয়ে দ্বন্দ্ব শুরু হলে জলিল সিপাই, আজগর সিপাইসহ ৮-১০ জন লোক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। তারা দেলোয়ারকে কুপিয়ে জখম করেন। তাকে বাঁচাতে গেলে ছেলে জুয়েল, বিপ্লব ও স্বজন রোজিনাও হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দুপুর ১২টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারকে মৃত ঘোষণা করেন।










