চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তে পৃথক দুটি অভিযানে চার বাংলাদেশী চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহানন্দা ব্যাটালিয়ন।

এসময় তাদের কাছ থেকে গাঁজা, একটি ব্যাটারি চালিত ভ্যান, মোবাইল ফোন ও ভারতীয় রুপি জব্দ করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ভোলাহাটের জেকে পোলাডাংগা সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করে বিজিবি।

আটককৃতরা হলো, মো. শামিম হোসেন (২৭), শ্রী পলাশ কর্মকার (২৩) ও মো. মিজানুর রহমান (২৩)। তারা সবাই গোমস্তাপুর উপজেলার বাসিন্দা।

এদিকে আজ সকাল সাড়ে ৬টায় শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান (২৫) নামে একজনকে তিন দশমিক সাত কেজি গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যানসহ আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ভোলাহাট ও শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, সীমান্ত অপরাধ দমনে বিজিবির বিশেষ টহল অব্যাহত থাকবে।