বগুড়ায় ভুয়া ডোপ টেস্ট ফলাফল তৈরির অভিযোগে রাসেল মাহমুদ (২৫) নামে এক ফটোকপি দোকানের মালিককে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলা শহরের সরকারি আজিজুল হক কলেজের কামাড়গাড়ি গেট এলাকা মার্কেটের রাসেল কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট দোকানের স্বত্বাধিকারী রাসেলকে তার নিজ দোকান থেকে আটক করে র‍্যাব।

আটক রাসেল মাহমুদ গাইবান্ধা জেলার সাপমারা গ্রামের আবজাল হোসেনের ছেলে। সে একই কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মাস্টার্স পরিক্ষার্থী। নিজ দোকান থেকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের ভুয়া ‘ডোপ টেস্ট’-এর ফলাফল বিক্রি করছিল রাসেল।

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্র জানায়, সরকারি আজিজুল হক কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থী মাদক গ্রহণ করে কিনা তা নিশ্চিত হতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। এরপর থেকে ভর্তিচ্ছুরা বিভিন্নভাবে ডোপ টেস্ট করাতে ভিড় জমায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। এ সুযোগে শহরের কামাড়গাড়িতে কিছু অসাধু কম্পিউটার ও ফটোকপির দোকানমালিকরা সরকারি হাসপাতালের নাম ব্যবহার করে ডোপ টেস্টের ভুয়া ফলাফল ৩০০-৪০০ টাকায় বিক্রি শুরু করে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে রাসেলকে আটক করে এবং তার হেফাজতে থাকা বেশকিছু (২২-২৩টি) ডোপ টেস্টের ভুয়া ফলাফল উদ্ধার করেন।