ভারত থেকে আমদানি করা প্রায় ৪২ টন মহিষের চামড়া জব্দ করেছে বেনাপোল কাস্টমস। প্রাণিসম্পদ অধিদপ্তরের কাগজপত্রের জটিলতার কারণে সাময়িকভাবে চালানটি জব্দ করা হয়েছে। চালানটি ১৯ ডিসেম্বর বেনাপোল বন্দরে প্রবেশ করলেও ২৮ ডিসেম্বর সন্ধ্যায় বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মীর্জা রাফেজা সুলতানা জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
জব্দকৃত চামড়ার চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান চানপুর ট্যানারি লিমিটেড ঢাকা। পণ্য চালানটি খালাসে বিল অব এন্ট্রি দাখিল করেছে বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট সুপ্রিম অ্যাসোসিয়েট।
শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মণ্ডল জানান, গরু বা মহিষের চামড়া কোনো দেশ থেকে আমদানি করতে হলে কোয়ারেন্টিন বা প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ব্যাংক থেকে ঋণপত্র খোলার আগে অধিদপ্তরের অনুমতি সার্টিফিকেট নিতে হয়। কোয়ারেন্টিন সার্টিফিকেট ছাড়া এ ধরনের পণ্য আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কাঁচা চামড়া থেকে অ্যানথ্রাক্স ছড়ানোর আশঙ্কা থাকে। এ কারণে এ ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে আগে থেকে অনুমতি নিতে হয়।










