‘অপারেশন ডেভিল হান্ট ফেজ টু’ অভিযানের দ্বিতীয় দিন ছিল ১৪ ডিসেম্বর। সেদিন দেশের ৬৩৯টি থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৫৬৭ জনকে। অর্থাৎ প্রতি থানা এলাকা থেকে গড়ে একজন করেও গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তী দিনগুলোরও গড় গ্রেফতার এক হাজারের বেশি নয়। যেখানে সাধারণ অভিযানেই গ্রেফতার হয় হাজারের বেশি। অপরাধ বিশ্লেষকরা মনে করেন, পুলিশকে এখনো অভিযানমুখী করতে না পারার কারণেই বিশেষ অভিযান বলা হলেও গ্রেফতার ও অস্ত্র উদ্ধার সাধারণ অভিযানের চেয়েও কম। ফলে মব, হত্যাসহ নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
সারা দেশে ৬৩৯টি থানার মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রম পরিচালনা করে পুলিশ। পাশাপাশি র্যাব ও বিজিবিও দায়িত্ব পালন করে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করার পরদিন ১৩ ডিসেম্বর আইন-শৃঙ্খলাবিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভার সিদ্ধান্তে দেশজুড়ে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট ফেজ টু। সে অনুযায়ী ওই রাতে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী বিশেষ এ অভিযান শুরু করে। যৌথ বাহিনীর অভিযান শুরুর মধ্যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আসে রাজধানীতে বিকাল থেকে চেকপোস্ট জোরদার করার ঘোষণা।
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, অপারেশন ডেভিল হান্ট ফেজ টু শুরু হয় ১৩ ডিসেম্বর রাতে। প্রথম দিনের অভিযানে গ্রেফতার করা হয় ৪৭৬ জনকে। পাশাপাশি চারটি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, দুটি বিস্ফোরক ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। অভিযানের দ্বিতীয় দিন গ্রেফতার করা হয় ৫৬৭ জনকে। অস্ত্র হিসেবে উদ্ধার করা হয় একটি দেশী বন্দুক আর তিনটি চাকু। পরদিন ১৫ ডিসেম্বর গ্রেফতার করা হয় ৮২৩ জনকে। এদিন উদ্ধার করা হয় চারটি দেশী-বিদেশী অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও দুটি ধারালো অস্ত্র। ১৬ ডিসেম্বর সারা দেশে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৯৬৮ জনকে। উদ্ধার করা হয় পাঁচটি অগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও ১৪টি ধারালো অস্ত্র। ১৭ ডিসেম্বর সারা দেশ থেকে গ্রেফতার করা হয় ৯৬৮ জনকে। এদিন পাঁচটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি এবং ১৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ পাঁচদিনে সাধারণ অভিযানে গ্রেফতার করা হয়েছে ৪ হাজার ৯৬ জনকে।
ডেভিল হান্ট ও ডেভিল হান্ট ফেজ টুর অভিযানে সরাসরি অংশ নেয়া একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা হয় বণিক বার্তার। নাম-পরিচয় না প্রকাশের শর্তে তিনি বণিক বার্তাকে বলেন, ‘বিগত সময়ের যেকোনো বিশেষ অভিযানেই দৈনিক গড় গ্রেফতার ছিল পাঁচ হাজারের আশপাশে। সে তুলনায় হিসাব করলে অপারেশন ডেভিল হান্ট ও ডেভিল হান্ট ফেজ টুর দৈনিক গড় গ্রেফতার সর্বোচ্চ এক হাজার। সারা দেশে ৬৩৯টি থানা এ অভিযানে অংশ নেয়। প্রতিটি থানা পাঁচজন করে অপরাধী চিহ্নিত করে গ্রেফতার করলেও এ সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ১৯৫। এ থেকে স্পষ্টতই বোঝা যায়, পুলিশ অভিযানমুখী অবস্থানে নেই। অনেক ক্ষেত্রে নিজেদের নিরাপত্তা সংকটের কারণে বড় ধরনের অভিযান পরিচালনার ঝুঁকিও নেয়া সম্ভব হয় না। ফলে কোটা পূরণের জন্য হলেও দৃশ্যমান দু-একজনকে গ্রেফতার করে নিজেদের দায়িত্ব পালন করে চলতে হচ্ছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বণিক বার্তাকে বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের প্রথম পর্যায়ে অভিযোগের ভিত্তিতে অনেককেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু একটা বড়সংখ্যক অভিযুক্তকে গ্রেফতারের পরও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাহিনীগুলোকে বেশ বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে প্রার্থীদের হত্যার চেষ্টাও হয়েছে কয়েক দফা। মূলত নাগরিক নিরাপত্তায় যে ঝুঁকি থাকে, সেটা এ ধরনের অভিযানের মধ্য দিয়ে সমাধান হয়।’
তিনি আরো বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত শুদ্ধি অভিযানকেই বলা হয় বিশেষ অভিযান। কিন্তু অভিযানগুলোর ফলাফল নিয়ে নানা ধরনের প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে আছে। অভিযানগুলো যথাযথভাবে পরিচালিত প্রয়োগ হচ্ছে কিনা, কার্যকরীভাবে প্রকৃতপক্ষে ডেভিল বা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে কিনা এমন নানা প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে। সব পুলিশ সদস্যকে আমরা অভিযানমুখী করতে পারছি কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। পুলিশের কাজ করার ক্ষেত্রেও নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। এখনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মবের শিকার হচ্ছে। এ বিষয়গুলো সমাধান করতে হবে।’
এদিকে বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর গতকাল ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মাঠে রয়েছে সাদা পোশাকের পুলিশ। গুরুত্বপূর্ণ স্থাপনায় র্যাব-পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের। বিভিন্ন জায়গা পরিদর্শন করেন পুলিশের আইজিপি বাহারুল আলম। হাদির মৃত্যুর খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। এরপর ওই রাতেই প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়, ধানমন্ডি ৩২ নম্বর, ছায়ানটের কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ-ভাংচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাটও চালায়। এর পরই নড়েচড়ে বসেন সরকারের নীতিনির্ধারকরা। হামলাকারীদের চিহ্নিত করতে পুলিশের বিভিন্ন ইউনিটকে নির্দেশ দেয়া হয়। বিভিন্ন ঘটনাস্থলে পাঠানো হয় সিআইডির ফরেনসিক বিভাগকে। এরই মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, র্যাব ও সিআইডির সাইবার ক্রাইম ইউনিট কাজ শুরু করেছে।
পুলিশের দায়িত্বশীল একটি সূত্রমতে, বেশির ভাগ হামলাকারীকে আগেও বিভিন্ন ধরনের মব সৃষ্টিতে দেখা গেছে। এ ঘটনার পর বিএনপি, এনসিপি, জামায়াত ও ইনকিলাব মঞ্চ এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুতই তা পরিহার করার আহ্বান জানিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এ হামলাকারীরা আসলে কাদের অনুসারী। তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে অন্তত দেড় শতাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, যাদের বিভিন্ন সময় কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচিতে দেখা গেছে। ঘুরেফিরে এরাই বিভিন্ন স্থানে ভাংচুর ও হামলা চালাচ্ছে। এখন সরকার চাইলে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) এএইচএম শাহাদাত হোসাইন বণিক বার্তাকে বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে যেমন গ্রেফতার ছিল, ডেভিল হান্ট ফেজ টুতেও একই হারে গ্রেফতার হচ্ছে। গড়ে প্রায় দৈনিক এক হাজার করে গ্রেফতার হচ্ছে। অস্ত্র, গুলি, বিস্ফোরকও উদ্ধার করা হচ্ছে। ডেভিল হান্ট ফেজ টু অভিযানে দেখা যাচ্ছে অপরাধীরা গা ঢাকা দিয়ে আছে। এর পরেও তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ধরনের অভিযানে গ্রেফতার সংখ্যা সবসময়ই কিছুটা ওঠানামা করে। নির্বাচনের কারণে প্রার্থীদের মধ্যে কিছু দ্বন্দ্বের ঘটনাও ঘটছে। সব মিলিয়ে পুলিশ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শতভাগ পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।’










