ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ৮ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় ইউআইইউ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১ হাজার ৭৩৬ শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চার শিক্ষার্থীকে স্বর্ণপদক দেয়া হয়।
রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তন বক্তা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় আরবানা-চ্যাম্পেইন ইলিনয় এবং গ্রেইঞ্জার ডিস্টিংগুইশড চেয়ার ইন ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. এম তাহের এ সাইফ।
সভাপতির বক্তৃতায় বুয়েট উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, আমাদের নতুন নতুন উদ্ভাবনকে কিভাবে স্কেলেবল সমাধানের মাধ্যমে আরো উন্নত ও টেকসই করা যায় সেদিকে নজর দিতে হবে। এজন্য তিনি শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি বিভিন্ন ধরনের শ্রমভিত্তিক শিক্ষাকে জ্ঞানভিক্তিক শিক্ষায় রূপান্তরের তাগিদ দেন। এ ছাড়া তিনি বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে দেশের সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন এবং আধুনিকায়নে নবীন গ্র্যাজুয়েটদের ন্যায় ভিত্তিক কাজ করার আহ্বান জানান।
সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং ইউআইইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।
বিশেষ অতিথি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন নতুন গ্রাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, আজকের এ অর্জিত জ্ঞান ও দক্ষতা শুধু ব্যক্তি সমৃদ্ধির কাজে নয় বরং সমাজ উন্নয়নের কাজও করতে হবে।
সমাবর্তন বক্তা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় আরবানা-চ্যাম্পেইন ইলিনয়’র প্রফেসর ড. এম তাহের এ সাইফ ৮ম সমাবর্তনে ডিগ্রী প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের কর্মক্ষেত্রে সফলতা কামনার পাশাপাশি মানব কল্যাণে একনিষ্ঠ ভাবে কাজের পরামর্শ দেন।
ইউআইইউ’র বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা বলেন, ইউআইইউ’র গ্রাজুয়েটরা তাদের পেশাগত প্রচেষ্টা এবং কৃত্বিতের মাধ্যমে তাদের পরিবার এবং দেশের জন্য গর্ব বয়ে আনবে।
ইউআইইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হওয়ার পাশাপাশি সমাজ ও দেশের মানুষের কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ইউআইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যরা, অনুষদের ডীন, বিভাগীয় প্রধা, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।










