স্বাস্থ্য খাতে বর্তমান অন্তবর্তী সরকার বাজেট বাড়াতে পারেনি। ফলে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যাপকহারে বিঘ্নিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো আবু জাফর।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ খাতে বিভিন্ন সমস্যা বিদ্যমান। এর মধ্যে পলিসিগত দুর্বলতা, বাজেট স্বল্পতা, জনবল ও অবকাঠামোর অভাব রয়েছে বলে অভিমত তার।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ-২০২৫’-এ ‘স্বাস্থ্য-ওষুধ খাতের প্রবিধান ও নিয়ন্ত্রক সংস্থা’ বিষয়ক প্যানেল আলোচনায় এসব কথা বলেন তিনি।

ডা. আবু জাফর বলেন, সর্বস্তরে ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার বিকল্প কোনো উপায় নেই। ২০৩০ সালের মধ্যে সকল মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, দেশের প্রান্তিক এলাকায় ডাক্তারের অভাব স্বাস্থ্য সেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। হাসপাতালগুলোতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ও অ্যাটেনডেন্টদের চাপ। ফলে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। যেমন-৫০০ শয্যার হাসপাতালে ২ হাজার রোগী থাকলে ৩ হাজার অ্যাটেনডেন্স থাকেন, যা সেবায় বড় বাঁধা। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা ও ওয়াশরুমের মতো মৌলিক সুবিধাকে চ্যালেঞ্জের মুখে ফেলে। বর্তমান সীমাবদ্ধতা ও অপ্রতুলতা নিয়ে মানুষের চাহিদা অনুযায়ী স্বাস্থ্য সেবা দেয়া সম্ভব নয় বলে উল্লেখ করেন স্বাস্থ্যের ডিজি।