জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ দ্রুত প্রণয়নে সময়ের স্বল্পতা বিবেচনায় সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে আসতে হবে।
আজ বুধবার (২৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দিনব্যাপী আলোচনার দ্বিতীয় পর্যায়ের ১৮তম দিনের শুরুতে প্রারম্ভিক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, এখনো বেশ কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়ে ঐকমত্য হলেও কিছু মৌলিক বিষয় নিয়ে এখনো আলোচনা প্রয়োজন।
আজকের আলোচ্য বিষয়- নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ এবং ন্যায়পাল নিয়োগের বিধান।
এর আগে ২০ জুলাই অনুষ্ঠিত বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে একটি ‘সমন্বিত প্রস্তাব’ দিয়েছে। এতে একটি সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা বাছাইয়ের প্রস্তাব করা হয়েছে।
এদিকে আজ বৈঠকের শুরুতে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের পর শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার ঘটনা কেন্দ্র করে সিপিবি বাসদসহ বাম দলগুলো ১০ মিনিটের প্রতীকী ওয়াক-আউট করে।
প্রতীকী ওয়াক আউট শেষে কমিশনের বৈঠকে পুনরায় যোগ দেয়ার পর সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারের চর্চাকে স্বাগত জানাই। আমরা মনে করি তাদের বক্তব্যগুলো জাতির সামনে উপস্থাপিত হয়েছে, সরকার বিবেচনা করবে।
আজ আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি, গণসংহতি আন্দোলনসহ ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।










