প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো সংস্কৃতি ও বিনোদন সাংবাদিকতা নিয়ে দুদিনব্যাপী কর্মশালা ও সনদ প্রদান অনুষ্ঠান। ২৩ ও ২৪ সেপ্টেম্বর পিআইবি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সহযোগিতায় আয়োজিত কর্মশালায় মোট আটটি সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন চলচ্চিত্র বিষয়ক গবেষক ও আলোকচিত্রী মীর শামছুল আলম বাবু, পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ, সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, প্রযোজক-পরিচালক আরিফুর রহমান, চলচ্চিত্র গবেষক ও শিক্ষক মনিরা শরমিন পৃতু, সাংবাদিক ও লেখক সৈয়দা ফারজানা জামান রুম্পা।

কর্মশালায় চলচ্চিত্র ও গণমাধ্যমের ইতিহাস, চলচ্চিত্রে রাজনৈতিক প্রভাব, শিষ্টাচার ও নৈতিকতা, চলচ্চিত্র সমালোচনা, প্রযোজনা ও বিশ্ব চলচ্চিত্র পরিস্থিতি, ফ্যাক্ট চেকিংসহ নানা বিষয় নিয়ে সেশন পরিচালনা করা হয়।

২৩ সেপ্টেম্বর কর্মশালার উদ্বোধন করেন পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ। সমাপনী দিনে বক্তব্য দেন পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের পক্ষ থেকে আয়োজক সৈয়দা ফারজানা জামান রুম্পা বলেন, সাংবাদিকতার অন্য শাখার মতো বিনোদন সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতেও এমন কর্মশালা অপরিহার্য। আগামী দিনে এর ধারাবাহিকতা বজায় রাখার উদ্যোগ নেয়া হবে।