দুটি দেশের সরকারের মধ্যে সরাসরি পণ্য বা সেবা কেনার পদ্ধতি হলো জিটুজি (সরকার থেকে সরকার) ক্রয়। এ ব্যবস্থায় কোনো তৃতীয় পক্ষ জড়িত থাকে না; বরং সরকার বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই পুরো ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে অন্তর্বর্তী সরকার জিটুজি পদ্ধতিতে দেশটি থেকে ৬ লাখ ৬০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে। তবে গমের উৎস যুক্তরাষ্ট্র হলেও তা কেনা হচ্ছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের মাধ্যমে। ফলে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ ছাড়া সিঙ্গাপুরের একটি বেসরকারি কোম্পানির কাছ থেকে গম কিনে সেটিকে জিটুজি ক্রয় হিসেবে দেখানো কতটা যৌক্তিক—এ নিয়ে প্রশ্ন উঠেছে।

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির লক্ষ্যে গত ২০ জুলাই ইউএস হুইট অ্যাসোসিয়েটসের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে খাদ্য মন্ত্রণালয়। সমঝোতা অনুযায়ী, আগামী পাঁচ বছর প্রতিযোগিতামূলক মূল্যে যুক্তরাষ্ট্র থেকে বছরে সাত লাখ টন উচ্চমানের গম আমদানি করবে বাংলাদেশ। এমওইউতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, আর যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস হুইট অ্যাসোসিয়েটসের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে. সোয়ার।

চুক্তি অনুযায়ী, গমের ক্রেতা খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তর। বিক্রেতা সিঙ্গাপুরে অবস্থিত এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড। বিক্রেতাকে মনোনীত করেছে ইউএস হুইট অ্যাসোসিয়েটস। চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৬ লাখ ৬০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গত ২৩ জুলাই ২ লাখ ২০ হাজার টন গম ৮১৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকায় কেনার সিদ্ধান্ত নেয়া হয়। এক্ষেত্রে প্রতি টন গমের দাম ধরা হয়েছে ৩০২ দশমিক ৭৫ ডলার। এরপর গত ৭ অক্টোবর ২ লাখ ২০ হাজার টন গম ৮২৫ কোটি ৩১ লাখ ৬৮ হাজার টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। এক্ষেত্রে প্রতি টন গমের দাম নির্ধারণ করা হয় ৩০৮ ডলার। সর্বশেষ গতকাল ২ লাখ ২০ হাজার টন গম ৮৪২ কোটি ৬ লাখ ৩৩ হাজার ১০০ টাকায় কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি টন গমের দাম ধরা হয়েছে ৩১২ দশমিক ২৫ ডলার। এ তিন ক্ষেত্রেই ইউএস হুইটের অনুমোদিত প্রতিষ্ঠান এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে গম কেনার অনুমোদন দেয়া হয়েছে।

ইউএস হুইট অ্যাসোসিয়েটসের ওয়েবসাইটে দেয়া তথ্যানুসারে, এটি যুক্তরাষ্ট্র সরকারের অধীন কোনো সংস্থা নয়। তারা মূলত যুক্তরাষ্ট্রের গম শিল্পের রফতানি বাজার সম্প্রসারণে কাজ করে। গম উৎপাদক, ১৭টি রাজ্যের হুইটস কমিশন এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অনুদানের মাধ্যমে ইউএস হুইটের তহবিলের জোগান আসে।

বাংলাদেশ সরকার দাবি করেছে যে তারা ইউএস হুইটের অনুমোদিত প্রতিষ্ঠান এগ্রোকর্পের কাছ থেকে গম কিনছে। যদিও যুক্তরাষ্ট্রের শীর্ষ গম রফতানিকারক প্রতিষ্ঠানের মধ্যে এগ্রোকর্প নেই। ২০২৪ সালে দেশটির শীর্ষ গম রফতানিকারক ১০ প্রতিষ্ঠানের মধ্যে আটটিই যুক্তরাষ্ট্রভিত্তিক এবং দুটি ফ্রান্স ও নেদারল্যান্ডসের।

স্থানীয় ও যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়ী মহলের মতে, যুক্তরাষ্ট্রের শীর্ষ রফতানিকারক প্রতিষ্ঠানগুলোকে বাদ দিয়ে ইউএস হুইট কেন সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান এগ্রোকর্পকে বাংলাদেশে গম রফতানির সুযোগ দিচ্ছে সেটি বোধগম্য নয়। তাদের দাবি, যে পুষ্টিমানের গম আমদানি করা হচ্ছে, বর্তমান আন্তর্জাতিক বাজারমূল্য বিবেচনায় তা তুলনামূলক বেশি। এ প্রক্রিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের যে লক্ষ্য তার সঙ্গে অসংগতিপূর্ণ।

ব্লুমবার্গ ও বৈশ্বিক অন্যান্য প্রতিষ্ঠানের তথ্য বলছে, এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড নামক সিঙ্গাপুরে নিবন্ধিত কোম্পানিটি ১৯৯০ সালে যাত্রা করে। প্রতিষ্ঠার প্রথম দিকে কোম্পানিটি প্রধানত মিয়ানমারমুখী ব্যবসা করত। অল্প সময়ের মধ্যেই এর প্রতিষ্ঠাতা বিজয় অয়েঙ্গার কৃষিপণ্য ট্রেডিংকে মূল ব্যবসা হিসেবে দাঁড় করান। আইআইটি মুম্বাইয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ও করনেল ইউনিভার্সিটির এমবিএ ডিগ্রিধারী বিজয় অয়েঙ্গা একজন ভারতীয় উদ্যোক্তা। তার সহধর্মিণী আকিলা অয়েঙ্গারও এগ্রোকর্পের সূচনালগ্ন থেকেই পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। আরেক সহপ্রতিষ্ঠাতা রবি রাঘবান কোম্পানির লজিস্টিকস, নৌ-পরিবহন ও আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার দায়িত্ব নিয়ে বোর্ডে কাজ করে আসছেন। বর্তমান প্রজন্মে নেতৃত্বে এসেছেন বিজয়ের ছেলে বিশাল বিজয়, যিনি করনেল ইউনিভার্সিটির স্নাতক এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রাক্তন পেশাজীবী। ২০২৪ সালে তিনি কোম্পানির সিইও হন। কোম্পানিটি ২০২২ সালে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও স্পেনের বার্সেলোনায় রিপ্রেজেন্টেটিভ অফিস স্থাপন করে।

বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা গম জিটুজি পদ্ধতির মধ্যে পড়ে কিনা জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার বণিক বার্তাকে বলেন, ‘অবশ্যই এটি জিটুজির মধ্যে পড়ে। কারণ আমরা গম কিনছি যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) অনুমোদিত প্রতিষ্ঠান ইউএস হুইটের কাছ থেকে। ইউএসডিএর সঙ্গে আমরা গম কেনার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। ইউএসডিএ আমাদের বলেছে যে ইউএস হুইট এ গম পাঠাবে। এখন সংস্থাটির স্থানীয় এজেন্ট কে থাকবে সেটি তাদের বিষয়। প্রতিটি রফতানিকারক প্রতিষ্ঠানেরই স্থানীয় প্রতিনিধি থাকে।’

যুক্তরাষ্ট্রভিত্তিক নয়, এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে গম আমদানি চুক্তি স্বাক্ষরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গত ৬ অক্টোবর খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ই-মেইল পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রের একটি গম রফতানিকারক প্রতিষ্ঠান। সেই ই-মেইলে বলা হয়েছে, চুক্তিটি যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্য কাঠামোর আওতায় পরিচালিত হলেও এতে তৃতীয় দেশের কোম্পানির অংশগ্রহণ গভীরভাবে উদ্বেগজনক। একে যুক্তরাষ্ট্র প্রশাসনের বাণিজ্য নীতির সঙ্গে অসংগতিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয় ই-মেইলে। তাতে আরো বলা হয়. যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক রফতানিকারকদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা। এমওইউ হোক বা মনোনয়নের আওতায়ই হোক, যুক্তরাষ্ট্রভিত্তিক নয় এমন কোনো প্রতিষ্ঠানের অংশগ্রহণ সেই উদ্দেশ্যের পরিপন্থী।

ই-মেইলটিতে এও বলা হয়েছিল, এ বাণিজ্য প্রক্রিয়ায় খোলা ঋণপত্রের আর্থিক লেনদেন যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার বাইরে তৃতীয় দেশের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, যা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের আওতার বাইরে। ফলে এ ধরনের কার্যক্রম দ্বিপক্ষীয় বাণিজ্যের উদ্দেশ্য ও চুক্তির লক্ষ্যকে ক্ষুণ্ন করছে। আবার এ ধরনের চুক্তির বিষয়বস্তু বাণিজ্য মন্ত্রণালয়ের দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় তাহলে দেখা যাবে তারা বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত গম কেনার কথা বলেছে। একই বিবেচনায় অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টিকোণ থেকে অর্থ প্রদানের পদ্ধতি নির্ধারণে যুক্তরাষ্ট্রকেই বিবেচনা করার কথা। দুই ক্ষেত্রেই তৃতীয় দেশের প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং অর্থপ্রবাহ সে দেশের ব্যাংকিং ব্যবস্থায় যাওয়াকে যুক্তরাষ্ট্র প্রশাসনের নীতিগত লক্ষ্যের বড় বিচ্যুতি হিসেবে দেখা যাচ্ছে।

তৃতীয় দেশে কার্যরত কোনো যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানির অংশগ্রহণকে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যের অংশ’ হিসেবে উপস্থাপন করা গুরুতর প্রশ্নবিদ্ধ উল্লেখ করে ই-মেইলে বলা হয়, বিশেষ করে যখন অর্থ প্রদানের প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার বাইরে পরিচালিত হয় এবং যেখানে কোনো মার্কিন রফতানিকারক সরাসরি জড়িত থাকে না তখন এ ধরনের লেনদেনকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমানোর বৈধ অবদান হিসেবে গণ্য করা যায় না।

জিটুজি পদ্ধতিতে কেনাকাটার ক্ষেত্রে দরপত্র আহ্বানের প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে সরকার নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয় প্রস্তাব আহ্বান করে থাকে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়। তবে বেসরকারি খাতের প্রতিষ্ঠানের কাছ থেকে গম কিনে সেটিকে জিটুজি ক্রয় পদ্ধতির অংশ হিসেবে ঘোষণা করার বিষয়টি আইনিভাবে প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বণিক বার্তাকে বলেন, ‘সরকার চাইলে বেসরকারি খাতের প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কিংবা সেবা কিনতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তবে জিটুজি পদ্ধতিতে কেনার কথা বলা হলে সেক্ষেত্রে দুই দেশের সরকার কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সেটি হতে হবে। এক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে কেনার সুযোগ নেই। আইনি বিধিবিধান অনুসরণ করার পাশাপাশি স্বচ্ছতা বজায় রেখে কেনাকাটা করা হলে কোনো সমস্যা নেই। তবে এর ব্যত্যয় হলে আইনিভাবে চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা থেকে যায়।’