কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ওই শিশুরা হলো ওই গ্রামের অপু মিয়ার মেয়ে সেফালী, সাদ্দাম হোসেনের মেয়ে সাদিয়া ও জহুরুল ইসলামের মেয়ে জেসমিন। এ তিন শিশুই সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। স্থানীয় আব্দুল মালেক জানান, সংকোষ নদীর সঙ্গে যুক্ত বাড়ির পাশের একটি ডোবায় পরিবারের অজান্তে গোসল করতে যায় ওই তিন শিশু। সেখানে গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। অনেকক্ষণ তাদের সন্ধান না পাওয়ায় অভিভাবকরা আশপাশে খোঁজ করতে থাকেন। এ সময় শিশু সাদিয়ার বাবা সাদ্দাম হোসেন পানিতে দুজনের মরদেহ ভাসতে দেখেন। তার চিত্কারে এলাকাবাসী এগিয়ে এসে পানি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।