গাইবান্ধার সাদুল্লাপুরে নালার পানি থেকে মিলন আকন্দ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিলন আকন্দ একই ইউনিয়নের তরফ জাহান গ্রামের দুলাল আকন্দের ছেলে।

মিলনের পরিবার জানিয়েছে, মিলন রোববার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সন্ধ্যার পর থেকে তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে সোমবার সকালে বাড়ির কাছের নালায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার বলেন, নয়াপাড়া এলাকার নালা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।