বরিশালে বিমানের টিকিট সংকট দেখা দিয়েছে। হঠাৎ করে রাজধানীর সঙ্গে সড়ক ও নৌ-যোগাযোগ বন্ধ করার পর আকাশপথে যাতায়াতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। পাশাপাশি বরিশাল-ঢাকা আকাশপথে যাত্রীভাড়াও বেড়ে গেছে কয়েক গুণ। অথচ ১৫ দিন ধরে এ সেক্টরে যাত্রীর অভাবে সব এয়ারলাইনসের দুশ্চিন্তার শেষ ছিল না। এমনকি ৫-১০ জন যাত্রী নিয়েও বরিশালসহ দেশের অনেক অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল করেছে।

যাত্রীর অভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এরই মধ্যে রোব, মঙ্গল ও বৃহস্পতিবার বরিশাল সেক্টরে ১টি করে ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

কিন্তু সোমবার সন্ধ্যায় রাজধানীর সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গেই বেসরকারি দুটি এয়ারলাইনস টিকিট বিক্রি বন্ধ করে দেয়।

গতকাল সকাল থেকে পুনরায় টিকিট বিক্রি শুরু হলেও ৩ হাজার ৪০০ টাকার টিকিট এক লাফে দ্বিগুণ হয়ে যায়। এমনকি ঘণ্টা খানেকের মধ্যেই গতকাল সকাল ও বিকালে ঢাকা-বরিশাল-ঢাকা আকাশপথে সরকারি-বেসরকারি পাঁচটি ফ্লাইটের সব টিকিট বিক্রি শেষ হয়েছে।