ঝালকাঠির নলছিটিতে অননুমোদিত দুটি ইটভাটায় অভিযান চালিয়ে প্রস্তুতকৃত কাঁচা ইটে পানি মেরে নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এসব ভাটার মালিকদের ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন আদালত।

আজ রবিবার সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের সারদল গ্রামে ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান চলাকালে এস আর বি ভাটা মালিক মো. কামাল হোসেন মৃধা ও এম এম বি ইটভাটা মালিক মো. মানিক মৃধা পরিবেশ অধিদফতরের ছাড়পত্র এবং ইট পোড়ানোর জন্য দেয়া জেলা প্রশাসনের লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে পরিবেশের ক্ষতিকর ভাটা দু'টির ড্রম চিমনি ভেঙে দেয়া হয়।

পরে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিয়ে ভাটা দু'টির প্রস্তুতকৃত কাঁচা ইট পানি ঢেলে নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি দুই ভাটা মালিককে ১ লাখ ৬০ টাকা জরিমানা করা হয় এবং আগামী এক মাসের মধ্যে ইট ভাটা প্রস্তুত আইনের সকল নিয়ম কানুন মেনে ভাটা পরিচালনার নির্দেশনা দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট।এর ব্যত্যয় ঘটলে সম্পূর্ণরূপে অবৈধ ভাটা ধ্বংস করার নির্দেশনাও দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ইটভাটাগুলোতে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছিলো। আমরা আজ এখন পর্যন্ত দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উল্লেখ্য, নলছিটির বিভিন্নস্থানে অনুমোদন বিহীন গড়ে ওঠা ইটভাটা ও পাঁজাগুলোতে কয়েক দফা অভিযান পরিচালনা করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন।