ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে বালিভর্তি থেমে থাকা ট্রাকের পেছনে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা আব্দুর রউফ (৪৫) ও সুলতান মাহমুদ ফরিদ (৪২)।

প্রত্যক্ষদর্শী ও ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান রাঙ্গামাটি এলাকায় বালিবোঝাই একটি ট্রাক থেমে ছিল। সকাল ৭টার দিকে ময়মনসিংহগামী আরেকটি সিমেন্টবোঝাই ট্রাক থেমে থাকা ওই বালিভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দিলে সিমেন্ট বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ভেতরে ঢুকে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও ট্রাকের ভেতর আটকে পড়া চালক ও হেলপারকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে ত্রিশাল ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক কেটে ভেতর থেকে দুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজকে মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।