বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দেশবিরোধী শক্তি। দেশকে অস্থিতিশীল করতেই মন্দিরে পবিত্র কোরআন রাখে ওই অপশক্তি। স্বাধীনতাবিরোধী এসব অপশক্তিকে রুখতে আওয়ামী লীগের প্রত্যেক কর্মীকে সদা প্রস্তুত থাকতে হবে। গতকাল চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল দুপুর ১২টায় চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আজগার টগর এমপি, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রমুখ।