রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এম. ভি ইয়ামাল অরলান।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি।

বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিং এজেন্সি লিমিটেডের খুলনার ম্যানেজার অসিম সাহা।

তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৬৬৮ প্যাকেজে ২ হাজার ১২১ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করেছে রাশিয়ান বাণিজ্যিক জাহাজ এম. ভি ইয়ামাল অরলান।

এর আগে গত ৩১ আগস্ট রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে।

আমদানি করা এ সব মেশিনারি পণ্য বন্দরের জেটিতে খালাস করে সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে। 

উল্লেখ, গত ১১ জুলাই এম.ভি মার্গারেট, ২ জুলাই এম.ভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এম.ভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান এবং ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য মালামাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছায় ।