যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে দেশী ও বিদেশী পাসপোর্টধারী যাত্রীদের সঙ্গে প্রতারণা, ছিনতাই ও ভ্রমণ কর জালিয়াতির অভিযোগে ১০টি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া গতকাল সকালে প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেন।
পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় প্রতারকরা। এর আগেও একাধিকবার এসব প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে প্রতারকদের আটক করা হয়। প্রভাবশালীদের ছত্রছায়ায় বারবার ছাড়া পেয়ে আবারো প্রতারণা শুরু করে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
ময়মনসিংহ ও ঢাকা থেকে আসা শারমিন আক্তার এবং জাকির খান বলেন, ‘আমরা ভোরে বেনাপোল এসেছি। এরপর বাবু ও রবি নামে দুজন আমাদের মধুমতি স্টোরে নিয়ে যান। এ সময় তারা একটি ফরম দেন। কত টাকা নিয়ে যাচ্ছি সেখানে তা লিখতে হবে বলে জানান। আমাদের দেয়া টাকা গুনে আবার ফেরত দেয়ার সময় সন্দেহ হয়। এরপর আমরা গুনে দেখি ১০ হাজার টাকা কম। বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করলে পুলিশ আমাদের টাকা উদ্ধার করে দেয়।’
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ১০টি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এর আগেও এমন অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়া হয়।










