কক্সবাজারের মহেশখালী থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বুধবার বাংলাদেশ কোস্ট গার্ড তাদের আটক করে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৪টার দিকে মহেশখালী কোস্ট গার্ড স্টেশন থানার কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সেসময় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয়ের সময় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও শটগানের জন্য ব্যবহৃত ২৫ রাউন্ড বিদেশী তাজা কার্তুজসহ উদ্ধার করা হয়। এ সময় তিন সন্ত্রাসীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।










