আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আগামী ২২ জানুয়ারি থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ২২ জানুয়ারি প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে। এতে ৮ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে।
নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি নেবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।










