দেশের অর্থনীতি বছরজুড়েই মন্দা পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব বৃদ্ধি, রফতানিতে স্থবিরতা এবং বিনিয়োগে নিম্নমুখী প্রবৃদ্ধি ছিল আলোচনার কেন্দ্রে। তবে এ চ্যালেঞ্জের মাঝেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী বছরে বৈধ পথে আসা প্রবাসী আয়ের পরিমাণ প্রায় ৩৩ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। অর্থনৈতিক মন্দা ও বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে প্রবাসী আয়ের এ প্রবৃদ্ধি রিজার্ভ বাড়াতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে প্রথমবারের মতো ২০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসে ২০২০ সালে। কভিড-সৃষ্ট বৈশ্বিক সংকটের মধ্যেও সে বছর প্রবাসীরা দেশে পাঠান ২১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। পরের বছর অর্থাৎ ২০২১ সালে এ অংক আরো বেড়ে ২২ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলারে দাঁড়ায়। তবে এরপর বৈধ পথে আসা রেমিট্যান্সের প্রবাহ কমতে শুরু করে। ২০২২ সালে প্রবাসীরা দেশে পাঠান ২১ দশমিক ২৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় কম। ২০২৩ সালে কিছুটা ঘুরে দাঁড়ালেও রেমিট্যান্সের পরিমাণ ছিল ২১ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

পরিস্থিতির বড় পরিবর্তন আসে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর। ওই সময়ের পর থেকে রেমিট্যান্সের প্রবাহ দ্রুতই বাড়তে শুরু করে। বছর শেষে মোট রেমিট্যান্স দাঁড়ায় ২৬ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে, যা সে সময় পর্যন্ত দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ প্রবাসী আয় ছিল। তবে সদ্য সমাপ্ত ২০২৫ সাল সে রেকর্ডকেও ছাড়িয়ে গেছে, প্রথমবারের মতো বার্ষিক রেমিট্যান্স অতিক্রম করেছে ৩০ বিলিয়ন ডলারের গণ্ডি। বছর শেষে দেশে বৈধ পথে আসা প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৯২ বিলিয়ন ডলারে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

একক মাস হিসেবেও সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড গড়েছে ২০২৫ সাল। মাসভিত্তিক হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসা ছয়টি মাসই ছিল সদ্যসমাপ্ত বছরটিতে। প্রবাসীরা গত বছরের মার্চে রেকর্ড ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠান, যা একক মাসের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর পরেই রয়েছে গত ডিসেম্বর, যেখানে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ডলার। তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে মে মাসে, ২৯৬ কোটি ডলার। এছাড়া জুনে ২৮২ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি ও সেপ্টেম্বরে ২৬৮ কোটি ডলার দেশে পাঠান প্রবাসীরা।

এর আগে একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৪ সালের ডিসেম্বরে। প্রবাসীরা ওই মাসে পাঠান ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার। গণ-অভ্যুত্থান-পূর্ব সময়ে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাইয়ে। কভিড মহামারীর মধ্যে ওই সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।

কর্মসংস্থানের উদ্দেশ্যে গত বছর বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন ১১ লাখ ২৮ হাজার বাংলাদেশী। এর মধ্যে প্রায় ৭০ শতাংশ কর্মী পাড়ি জমিয়েছেন সৌদি আরব। বাকি প্রবাসীদের অধিকাংশই কাজের জন্য গেছেন কাতার, সিঙ্গাপুর, কুয়েত, মালদ্বীপসহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে।

বিদেশে কর্মী যাওয়ার এ প্রবণতার সরাসরি প্রভাব পড়েছে দেশে আসা রেমিট্যান্সের প্রবাহে। গত বছরে রেমিট্যান্সের উৎস দেশ হিসেবে শীর্ষ দশের চারটি দেশই রয়েছে এ শ্রমবাজারের তালিকায়। যদিও এসব দেশে আগেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী কর্মী যেতেন এবং সে অনুযায়ী রেমিট্যান্সও আসত। তবে সাম্প্রতিক সময়ে প্রবাহে উল্লেখযোগ্য উল্লম্ফন লক্ষ করা গেছে।

২০২৫ সালে দেশে মোট কত রেমিট্যান্স এসেছে, সে তথ্য জানা গেলেও এর উৎসভিত্তিক পূর্ণাঙ্গ চিত্র এখনো প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, অক্টোবর পর্যন্ত হিসাব ধরে বছরের প্রথম ১০ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। এ সময়ে দেশটি থেকে এসেছে ৪ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

রেমিট্যান্সের উৎস হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের এ দেশ থেকে সদ্যসমাপ্ত বছরের প্রথম ১০ মাসে এসেছে ৩ দশমিক ৩২ বিলিয়ন ডলার। তৃতীয় সর্বোচ্চ এসেছে যুক্তরাজ্য থেকে, যার পরিমাণ ৩ দশমিক ২৬ বিলিয়ন ডলার। চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে ৩ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার এসেছে।

পঞ্চম সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মালেশিয়া থেকে। দেশটি থেকে প্রথম ১০ মাসে বাংলাদেশে পাঠানো হয়েছে ২ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। এর পরের অবস্থানগুলোয় রয়েছে ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর। এর মধ্যে সিঙ্গাপুর ছাড়া বাকি প্রতিটি দেশ থেকেই এক থেকে দেড় বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। সিঙ্গাপুর থেকে এ সময়ে এসেছে ৯৯ কোটি ৪ লাখ ডলার।

দেশের অর্থনৈতিক মন্দার মধ্যেও রেমিট্যান্স প্রবাহের এ উল্লম্ফনকে সরকারের প্রতি প্রবাসীদের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। বণিক বার্তাকে তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রবাসীরা সরকারের ওপর আস্থা দেখিয়েছিলেন। সে আস্থার ধারাবাহিকতা বছর শেষেও দেখা গেছে। আশা করি, ২০২৬ সালেও এ প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।’

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পাশাপাশি বাজার থেকে বাংলাদেশ ব্যাংকের ডলার ক্রয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়ক হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসেই বাজার থেকে ৩ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রেমিট্যান্স প্রবাহ ও ডলার ক্রয়ের ওপর ভর করে দেশের গ্রস রিজার্ভ বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী অবশ্য রিজার্ভের পরিমাণ ২৮ দশমিক ৫১ বিলিয়ন ডলার।