মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কালিগঙ্গা নদীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শনিবার জেলার বিভিন্ন এলাকা থেকে ৩৫টি নৌকা জলে ‍ছুটার এ প্রতিযোগীতায় অংশ নেয়।

নৌকা বাইচের খবরে সকাল থেকেই কালিগঙ্গা নদীর দুইপাড়ে জড়ো হতে থাকে নানা বয়সী হাজারো মানুষ। বেলা দুইটায় শুরু হয় নৌকা বাইচ। মানিকগঞ্জসহ পাবনা, রাজবাড়ি, ফরিদপুর, টাংগাইল জেলার ৩৫ টি নৌকা প্রতিযোগীতায় অংশ নেয়। আয়োজকরা জানান, মানুষকে আনন্দ দিতে এই নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে আগামীতে আরো বড় পরিসরে করা হবে।

Pic

কালিগঙ্গার বেউথা এলাকায় প্রায় দুই কিলোমিটার জায়গায় ছিপা, ঘাসি, ছান্দি ও খেললা- এই চার ধরনের নৌকার আলাদা চার বিভাগে প্রতিযোগীতা দেয়া হয়। এতে চার বিভাগের চারটি নৌকার দল বিজয়ী হয়। পরে চার বিজয়ী দলের মধ্যে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় পাবনা জেলার প্রামানিক ব্রাদার্সের শেরেবাংলা নৌকা ।

PIc 03

নৌকা বাইচ দেখতে দূরদুরান্ত থেকে নদীর দুপাড়ে জড়ো হয় কয়েক হাজার নানা বয়সী মানুষ। এছাড়া বাইচের নৌকার পাশাপাশি বিভিন্ন ট্রলার, স্পিডবোটে চড়ে শত শত দর্শকরা আনন্দ উল্লাস করে।

ঐতিহ্যবাহী নৌকা বাইচে অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতাসহ জেলা বিএনপির নেতারা। এমন আয়োজনে খুশি তারা। আগামীতে জেলা বিএনপির পৃষ্ঠপোষকতায় আরো বড় পরিসরে নৌকা বাইচের পরিকল্পনা রয়েছে বলে জানান বিএনপি নেত্রী।

আর আয়োজক জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেনে মোল্লা বলেন, নদী দূষণ রোধ করি, নির্মল বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে- গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ টিকিয়ে রাখতে ও মানুষকে আনন্দ দিতেই এই আয়োজন।

বাইচ শেষে প্রত্যেক বিভাগের বিজয়ীদের রেফ্রিজারেটর, টেলিভিশন, মাইক্রোওয়েভ এবং চ্যাম্পিয়নকে মোটরসাইকেল পুরস্কার দেয়া হয়।