লেখক-গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ৯৪ বছর বয়সে তার মৃত্যু হয়।
বদরুদ্দীন উমর ১৯৬১ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পিপিই ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসেন এবং ১৯৬৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। গভর্নর মোনায়েম খানের স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদে ১৯৬৮ সালে তিনি শিক্ষকতা ছেড়ে রাজনীতি ও লেখালেখিতে আত্মনিয়োগ করেন।
২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে জাতীয় মুক্তি কাউন্সিল। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ৮টায় জুরাইন গোরস্তানে বদরুদ্দীন উমরের কবরে পুষ্পস্তবক অর্পণ। বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে বদরুদ্দীন উমরের ওপর আলোকচিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন (একাংশ)।










