ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শন করেছেন। এ সময় বাংলাদেশ ও ভারতের পুঁজিবাজারে সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) চট্টগ্রামের আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে।
সৌজন্য সাক্ষাতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়ন নিয়ে একটি কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, ভারতের সঙ্গে সহযোগিতার বড় সুযোগ রয়েছে। বিশেষ করে বাজারে বৈচিত্র্য আনা ও পণ্যভিত্তিক ডেরিভেটিভস বাজার গড়ে তুলতে ভারতের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।
তিনি আরো বলেন, অন্যান্য সম্পদভিত্তিক বাজার সম্প্রসারণে সহযোগিতা পেলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ একটি বহু সম্পদভিত্তিক এক্সচেঞ্জ হিসেবে গড়ে উঠতে পারবে। এতে দেশের পুঁজিবাজারের উন্নয়ন ত্বরান্বিত হবে। এজন্য তিনি ভারতীয় ব্রোকার ও বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানান।
ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, পুঁজিবাজার বিষয়ে ভারতের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং বাংলাদেশ সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। যৌথ কারিগরি অধিবেশন, বিশেষায়িত কর্মশালা ও জ্ঞান বিনিময় কর্মসূচির মাধ্যমে বিশেষ করে পণ্যভিত্তিক ডেরিভেটিভস খাতে বাংলাদেশের আর্থিক বাজার আরো শক্তিশালী করা সম্ভব।
তিনি বলেন, ভারতের বহু পণ্যভিত্তিক বাজারের সফল অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কার্যকর হতে পারে। এ ধরনের সহযোগিতা মূল্য নির্ধারণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশকে ভারত শুধু প্রতিবেশী নয়, উন্নয়ন অংশীদার হিসেবে দেখে এবং এ সহযোগিতা এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানের শেষ দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অতিথিকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে দুই দেশের সহযোগিতা আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, বোর্ড পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী ও নাজনীন সুলতানা এবং ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










