কুড়িগ্রামের কয়েকটি ইউনিয়নের মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে বালির বস্তা ফেলে সড়ক মেরামত করেছে জেলা ছাত্রলীগ। বন্যায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার সড়কটি ক্ষতিগ্রস্ত হয়।

গতকাল দুপুরে নবগঠিত জেলা ছাত্রলীগ সভাপতি মো. রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন ও কেন্দ্রীয় সদস্য আশরাফুল আলমের নেতৃত্বে নেতাকর্মীরা নিজেরাই বালির বস্তা ফেলে সড়কটি জনসাধারণের চলাচলের উপযোগী করে দেন।

কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কে শুলকুর বাজার এলাকায় নির্মাণাধীন সেতুর পাশের বাইপাস সড়কটি বৃষ্টি ও ধরলার পানি বেড়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে এ সড়কে চলাচলকারী মানুষের দুর্ভোগ বেড়ে যায়। মানুষের দুর্ভোগ কমাতে নবগঠিত ছাত্রলীগ উদ্যোগী হয়ে সড়কটি মেরামতের কাজ করে। এতে পাঁচগাছী, যাত্রাপুরসহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের মানুষের চলাচলে দুর্ভোগ কিছুটা হলেও কমবে।

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ সভাপতি মো. রাজু আহমেদ জানান, মানুষের দুর্ভোগ কমাতে ছাত্রলীগের পরিবারের পক্ষ থেকে বালির বস্তা ফেলে নির্মাণাধীন সেতুর পাশের বাইপাস সড়কটি মেরামত করে দেয়া হয়েছে। এতে লক্ষাধিক মানুষের চলাচলের দুর্ভোগ কমেছে।