কাঁচামাল সংকটে বন্ধ থাকা রংপুরে অবস্থিত খাওয়ার স্যালাইন উৎপাদন ও  সরবরাহকারী প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। প্রায় আড়াই মাস পর গতকাল ২০ হাজার পিস স্যালাইন উৎপাদনের মাধ্যমে পুনরায় কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।

২০২৩ সালের ১৬ নভেম্বর স্যালাইন উৎপাদনের পর কাঁচামালের অভাবে প্রতিষ্ঠানটি বন্ধ রাখে কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণায় বিভিন্ন হাসপাতাল এবং সেবামূলক প্রতিষ্ঠানে খাবার স্যালাইন সংকটের পাশাপাশি আর্থিক সমস্যার মুখে পড়েন দৈনিক হাজিরায় কর্মরত ১৫ জন কর্মী।

খাবার স্যালাইন উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের স্টোরকিপার মো. এনামুল হক বণিক বার্তাকে বলেন, ‘স্যালাইন তৈরির কাঁচামাল হচ্ছে গ্লুকোজ অ্যান্ড হাইড্রাস, ট্রাই সোডিয়াম সাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এবং স্যালাইন ভরানোর জন্য পলিথিনের প্যাকেট। পাঁচ প্রকার কাঁচামালের মধ্যে গ্লুকোজ অ্যান্ড হাইড্রাস, ট্রাই সোডিয়াম সাইট্রেট এবং বিশেষ পলিথিন প্যাকেট শেষ হওয়ায় বাধ্য হয়ে উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। তবে এসব কাঁচামাল আসায় আমরা গতকাল থেকে পুনরায় স্যালাইন উৎপাদন শুরু করেছি। প্রথম দিন ২০ জন কর্মী কাজ করেছেন। এদিন ২০ হাজার প্যাকেট স্যালাইন উৎপাদন করা হয়েছে। চলতি অর্থবছরে (২০২৩-২৪) স্যালাইন তৈরি কাঁচামাল আমাদের মজুদ আছে। প্রতি বছর প্রায় ৬০ লাখের মতো প্যাকেট খাবার স্যালাইন তৈরি হয় এ প্লান্টে।’

খাবার স্যালাইন উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা রংপুর জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রুহুল আমিন বলেন, ‘প্রয়োজনীয় কাঁচামাল পাওয়ায় আমরা আবার স্যালাইন উৎপাদন শুরু করেছি। এখন থেকে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় কাঙ্ক্ষিত খাবার স্যালাইন পাঠানোর জন্য আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না।’

স্যালাইন উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, স্যালাইনের কাঁচামাল বিদেশ থেকে সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান আমদানি করে। স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) মাধ্যমে সেগুলো পাওয়া যায়। প্রতিদিন ২১ হাজার প্যাকেট স্যালাইন তৈরি হয় এখানে। ২২  কর্মীর মধ্যে প্রায় ১৫ জনই দৈনিক হাজিরা চুক্তিতে কাজ করছেন। কাজ না হলে তারা পারিশ্রমিক পাবেন না।

১৯৮০ সালে সাবেক সদর হাসপাতালে খাবার স্যালাইন উৎপাদন ও  সরবরাহকারী প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। উৎপাদিত স্যালাইন সরবরাহ করা হচ্ছে রংপুর ও রাজশাহীর চারটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, সদর হাসপাতাল, সিভিল সার্জনের ১৬টি রিজার্ভ স্টোর, দুটি সিটি করপোরেশনসহ বিভিন্ন পৌরসভা, বিজিবি, পুলিশ ট্রেনিং সেন্টার ও হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক এবং কেন্দ্রীয় কারাগারে। রংপুর ও রাজশাহী বিভাগের এসব প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, যেখানে সেবা চালু আছে সেখানেও খাবার স্যালাইন সরবরাহ করা হয়।