পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় সম্পর্কিত গাড়ির চালক ও মালিক জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোরে আমিন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম।

তিনি বলেন, গতকাল রাত ৮টার দিকে আমিন বাজারের বরদেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়ে হামলার শিকার হন এসবির এসআই আলতাফ হোসেন ও তার ছেলে। পরে আরো লোকজন নিয়ে এসে আলতাফকে পিটিয়ে হত্যা করা হয়।

নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি পরিবার নিয়ে আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেট কার রাখা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলের সঙ্গে ১০-১৫ জনের ঝামেলা হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়।

পরে রাত সাড়ে নয়টার দিকে আলতাফ হোসেন ও তার ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গতকাল দিবাগত রাতে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বণিক বার্তাকে বলেন, গাড়ি পার্কিংয়ের মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই পুলিশের ওই এসআই হামলার শিকার হন। একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েই ওই এসআই ও তার ছেলে হামলার শিকার হন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।