তালেবানরা ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে তহবিল প্রাপ্তিতে জটিলতা তৈরি হওয়ায় ক্রিকেটার ও স্টাফদের ঠিকমতো বেতনই দিতে পারে না আফগানিস্তান ক্রিকেট বোর্ড। অথচ তাদের ক্রিকেট দলটি নানা সমস্যা নিয়েও মাঠে মুগ্ধতা ছড়িয়েই চলেছে। অন্যদিকে ৮০০-৯০০ কোটি টাকার এফডিআরসহ বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশ দলের জন্য তারা নিয়োগ করেছে অসংখ্য বিদেশী কোচ। অথচ এত বিত্ত, আর সুযোগ-সুবিধা নিয়েও বাংলাদেশ ক্রিকেট দল হারের বৃত্তেই ঘুরপাক খায়। গতকাল অস্ট্রেলিয়ার ব্রিসবেনে টি২০ বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচে সাকিব আল হাসানের দলকে ৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ নবির আফগানিস্তান।
এটা আফগানদের আকস্মিক পাওয়া কোনো সফলতা নয়। টি২০ হেড-টু-হেডে তারাই এগিয়ে। গত ৩০ আগস্ট শারজায় এশিয়া কাপ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় আফগানিস্তান। এবার টি২০ বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচেও ক্রিকেটের উদীয়মান শক্তির কাছে হারল বাংলাদেশ। গতকাল আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬০ রান তোলে আফগানরা। জবাবে সাকিবরা ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৯৮ রান তুলতে সমর্থ হন।
বোলিং কিংবা ব্যাটিং কোনোটিতেই কাল বাংলাদেশকে দাঁড়াতে দেয়নি এশিয়ার দলটি। ইব্রাহিম জাদরান (৩৯ বলে ৪৬) ও নবির (১৭ বলে ৪১*) ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহ পায় আফগানরা। হাসান মাহমুদ ও সাকিব দুটি করে উইকেট নেন।
ব্যাটিংয়ে নেমে আফগান পেস ও স্পিনের সাঁড়াশি আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। পেসার ফজলহক ফারুকি ৩ ওভারে ৯ রানের খরচায় নেন তিনটি উইকেট। এছাড়া স্পিনার মুজিব উর রহমান ৩ ওভারে ৫ রানে একটি ও নবি হাত ঘুরিয়ে ৩ ওভারে ১১ রান দিয়ে একটি উইকেট নেন।
আফগানিস্তানের বিপক্ষে আইসিসির অফিশিয়াল টি২০ ম্যাচে নয়বারের মোকাবেলায় ছয়টিতেই হেরেছে বাংলাদেশ। এ ম্যাচটি ধরলে ১০ বারের দেখায় আফগানরা জিতল সাতটিতে! এক টেস্টের লড়াইয়ে হেরেছে বাংলাদেশ। ওয়ানডেতে যা একটু এগিয়ে টাইগাররা, ১১ ম্যাচে জিতেছে সাতটি।
সদ্যই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি২০ সিরিজে চার ম্যাচ খেলে একটিও জিততে পারেনি বাংলাদেশ। এবার ওয়ার্মআপেও হার। তাই হারের বৃত্তেই থাকলেন সাকিব ও তার সতীর্থরা। বুধবার দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন তারা। ব্রিসবেনে কাল নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিং করতে নামা কিউইদের ৯৮ রানে অলআউট করার পর ১১.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। পরের ম্যাচেও তাই সাকিবদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
ব্রিসবেনে কাল ওয়ার্মআপ ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৬৩ রান তোলে পাকিস্তান। জবাবে ১৯ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা।
এদিকে জসপ্রিত বুমরাহর ইনজুরিতে ভারতের বিশ্বকাপে দলে ফেরা মোহাম্মদ শামি চমক দেখালেন ওয়ার্মআপ ম্যাচে। ইনিংসের শেষ ওভারে তিন উইকেট তুলে নেন তিনি, আরেকটি হয়েছে রানআউট। শামির দুরন্ত বোলিংয়ে ভর করে কাল ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়েছে ভারত।
৪ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে ১১ রান করতে হতো অস্ট্রেলিয়াকে। শামির প্রথম দুই বল থেকে চার রান তুলে নেয় স্বাগতিকরা। এরপর শামির ম্যাজিক। তৃতীয় বলে বিরাট কোহলির ক্যাচ বানিয়ে প্যাট কামিন্সকে সাজঘরে ফেরান তিনি। চতুর্থ বলে অ্যাস্টন অ্যাগার হয়েছেন রানআউট। এরপর টানা দুই বলে জস ইংলিশ ও কেন রিচার্ডসনকে আউট করে ভারতকে দারুণ এক জয় এনে দেন পেসম্যান শামি।
১৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১৫৮/৩। শেষ ১৮ বলে তাদের প্রয়োজন ছিল ২৯ রান। এ অবস্থা থেকে ২২ রান তুলতেই বাকি সাতটি উইকেট হারায় স্বাগতিকরা।
১৮তম ওভারের দ্বিতীয় বলে মার্কাস স্টয়নিস শিকার হন আর্শদীপ সিংয়ের। ১৯তম ওভারের প্রথম বলে অ্যারন ফিঞ্চকে (৫৪ বলে ৭৬) আউট করেন হার্শাল প্যাটেল। পরের বলে রানআউট হয়েছেন টিম ডেভিড। এরপর শামির রাজসিক ওভার।
এর আগে লোকেশ রাহুল (৩৩ বলে ৫৭) ও সূর্যকুমার যাদবের (৩৩ বলে ৫০) হাফ সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ১৮৬ রান তোলে ভারত।










