যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন ডা. সরজিৎ কুমার কুণ্ডু। ২০১০ সালের ২১ আগস্ট থেকে ১০ দিনের ছুটি নিয়ে তিনি আর কর্মস্থলে ফিরে আসেননি। ১৩ বছর ধরে তিনি লাপাত্তা। তার কোনো খবর জানেন না হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
হাসপাতালের প্রশাসনিক সূত্র জানিয়েছে, ডা. সরজিৎ কুমার জমা দেয়া আবেদনপত্রে উল্লেখ করেন, শারীরিক অসুস্থতার কারণে তার ১০ দিনের ছুটি জরুরি। ছুটি মঞ্জুরের পর তিনি কর্মস্থল ছেড়েছেন। আর হাসপাতালে ফেরেননি। তার বাড়ি ঝিকরগাছা উপজেলায়। খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি। সরকারের নিয়মনীতি না মেনে তিনি নিজের ইচ্ছায় কর্মস্থলে বছরের পর বছর অনুপস্থিত রয়েছেন। কর্মস্থলে হাজির হওয়ার জন্য কর্তৃপক্ষ বিগত দিনে তাকে নানাভাবে তাগিদ দিলেও তিনি কর্ণপাত করেননি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, ডা. সরজিৎ কুমার ছুটি ও অনুপস্থিত থাকার বিষয়টি তাকে কেউ জানাননি। সত্য হলে বিষয়টি নিষ্পত্তির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।










