ঝালকাঠিতে একই পরিবারের তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুটি শিশু ও একজন পুরুষ। তারা সাম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এসেছেন বলে জানা গেছে।
সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হালদার জানান, আজ শনিবার বিকালে তার কার্যালয়ে তিন জনের পজেটিভ রিপোর্ট এসেছে। এরপর ওই এলাকার কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। তিনজনই বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।
সিভিল সার্জন আরো জানান, ঝালকাঠিতে এ পর্যন্ত ৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে প্রবেশ করা ৬৫ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। ঝালকাঠি জেলায় বর্তমানে হোম কোয়েরেন্টিনে আছেন মোট ৭৪ জন। এর আগে ১৬৮ জন ১৪ দিন হোম কোয়ারেন্টিন শেষে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা লকডাউন ও ঢাকায় অঘোষিত লকডাউন ঘোষণার পর সেখান থেকে পালিয়ে ঝালকাঠির গ্রামের বাড়িতে প্রতিদিনই আসছে মানুষ। গত দুই দিনে প্রায় দুই শতাধিক মানুষ এ জেলায় প্রবেশ করেছেন।









