ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। গতকাল স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশন সমাপনীসংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

এর আগে গত ২৭ আগস্ট তৃতীয় অধিবেশন শুরু হয়। ২৭ আগস্ট থেকে নয় কার্যদিবস অধিবেশন চলার পর গতকাল জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হলো। এ অধিবেশনে মোট ছয়টি বিল উপস্থাপিত হয় এবং ছয়টি বিল পাস হয়েছে।

আইন প্রণয়নসংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি এ অধিবেশনে তিনটি বিশেষ কমিটিসহ ৪৮টির অধিক সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যরা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নোটিস প্রদান করেছেন। ৬৮ বিধিতে সাতটি নোটিস পাওয়া যায় এবং এর মধ্যে দুটি নোটিস গৃহীত ও আলোচিত হয়েছে। ৭১ বিধিতে ১৫টি নোটিস গৃহীত হয় এবং এর মধ্যে ১৪টি নোটিসের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ৭১ক বিধিতে ২ মিনিটের বক্তব্য প্রদানের জন্য ১২৪টি নোটিস পাওয়া যায়।

এছাড়া ১৪৭ বিধিতে দুটি নোটিস পাওয়া যায়, যার মধ্যে একটি নোটিসের ওপর আলোচনা হয়েছে এবং ৩০২ বিধিতে একটি নোটিস উত্থাপিত হয়েছে।

অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সংসদ সদস্যরা মোট ১৪৪টি প্রশ্নের নোটিস দেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ২ হাজার ৬৭৬টি প্রশ্নের নোটিস পাওয়া যায়। এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রিরা এ অধিবেশনে মোট ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেন।