যশোরে ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় গত দুইদিনে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে চারটি সিলগালা করে দেয়া হয়েছে। আরো চারটিকে জরিমানা করা হয়েছে। 

শহরের পালবাড়ী মোড়, ঘোপ সেন্ট্রাল রোড, দড়াটানা ও ঝিকরগাছায় গতকাল অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাবিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এর আগে বুধবার ঝিকরগাছায় দুটি ক্লিনিক সালমা মেডিকেল সেন্টার ও সালেহা ক্লিনিক সিলগালা করে দেয়া হয়। 

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর আবু মাউদ জানান, স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের বেসরকারি ক্লিনিকগুলোয় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় পালবাড়ীর হাসিনা ক্লিনিকের লাইসেন্স না পাওয়ায় এবং অপারেশন থিয়েটারে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৫ হাজার টাকা জরিমানা এবং অপারেশন থিয়েটার সিলগালা করে দেয়া হয়। একই অভিযোগে ঘোপ সেন্ট্রাল রোডের আধুনিক হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা, ল্যাবজোন ক্লিনিক এবং পপুলার হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেল জানান, গত দুইদিনে ঝিকরগাছায় সালমা মেডিকেল সেন্টার, সালেহা ক্লিনিক ও শহরের দুটি ক্লিনিক বন্ধ করা হয়েছে।