ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এ উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে।’

গতকাল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে এ বার্তাই দিয়েছেন রাজনাথ সিং।

গতকাল দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যান রাজনাথ সিং। তিনি বাংলাদেশ মিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাখা শোক বইতে এ বার্তা লেখেন। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

রাজনাথ সিং লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই। ভারত ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে তার উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে।’

এ নিয়ে দুবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লির বাংলাদেশ হাইকমিশনে গেলেন। এর আগে তিনি ২০২১ সালের ২২ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিল্লির মিশনে গিয়েছিলেন। সেই বছর সশস্ত্র বাহিনী দিবসের (২১ নভেম্বর) পরদিন অনুষ্ঠানটি হয়েছিল।

২০২১ সালে রাজনাথ সিংয়ের বাংলাদেশ মিশনে যাওয়াটা প্রচলিত প্রটোকলের ব্যত্যয় ঘটিয়ে ব্যতিক্রমী একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগদান বিশেষ সম্মান প্রদর্শন ও সামরিক-কূটনৈতিক সৌহার্দ্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে বিবেচিত হয়েছিল।

বুধবার বেলা দেড়টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি ভারতের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।