সারা দেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল রোববার। শনিবার (১১অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেছেন, আগামীকাল (১২ অক্টোবর) রাজধানী ঢাকাসহ সারা দেশে একযোগে শুরু হচ্ছে টাইফয়েডের টিকাদান কার্যক্রম। প্রতিটি স্কুলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

তিনি বলেন, সারা দেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশুকে সরকার বিনামূল্যে এ টিকা দিচ্ছে। আগামীকাল সকাল ৯ টায় রাজধানীর আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন। একই সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান থাকবেন ভিকারুন্নেছা নুন স্কুল অ্যান্ড কলেজে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে এবং মহাপরিচালক নিজে ধানমন্ডির একটি ইংরেজি মিডিয়াম স্কুলে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

মহাপরিচালক বলেন, টাইফয়েডের টিকার কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া নেই। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত একটি টিকা। ছাত্র-ছাত্রীরা বিনা ভয়ে এটি গ্রহণ করতে পারবেন। তিনি টিকা গ্রহণে শিশুদের অভিভাবকদেরকে সহযোগিতার জন্য আহ্বান জানান।