সাভারের ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) ৪২৪ কিলোওয়াট পিক ক্ষমতার রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করেছে ইউনাইটেড গ্রুপ ও জাপানের গুঞ্জ্যে করপোরেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত গুঞ্জ্যে ইউনাইটেড লিমিটেড। অতিরিক্ত জমি ব্যবহার না করে কারখানার ছাদে সৌর প্যানেল স্থাপন করে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ডিইপিজেডে গুঞ্জ্যে ইউনাইটেডের কারখানা প্রাঙ্গনে প্রকল্পটির উদ্বোধন ও কমিশনিং সম্পন্ন হয়। উদ্বোধনের পর থেকেই প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উৎপাদিত বিদ্যুৎ কারখানার নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হচ্ছে।
প্রকল্পটিতে মোট ৭২২টি সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। কারখানার ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের ফলে অতিরিক্ত জমির প্রয়োজন হয়নি। এতে প্রচলিত বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি শিল্প খাতে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পাওয়ার সার্ভিসেস লিমিটেডের (ইউইপিএসএল) প্ল্যান্ট ম্যানেজার (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) ইঞ্জিনিয়ার মো. গোলাম আরিফ বলেন, দেশের বিদ্যুৎ ঘাটতি কমাতে এ প্রকল্প সামান্য হলেও ভূমিকা রাখবে। ইউনাইটেড গ্রুপ দীর্ঘদিন ধরে নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
তিনি বলেন, শিল্পকারখানার অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন করা হলে অতিরিক্ত জমি ব্যবহারের প্রয়োজন হয় না। পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরো সম্প্রসারণের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের পরিচালক খন্দকার জায়েদ আহসান, ইউনাইটেড গ্রুপের গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার সাইদুল ইসলাম এবং গুঞ্জ্যে ইউনাইটেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিতোশি মোরি উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির অংশ হিসেবেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি ব্যবস্থায় নবায়নযোগ্য উৎসের অংশ বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।










