রাজধানীতে একজন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের করা মন্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। গত ৬ এপ্রিল দায়িত্বরত এক পুলিশ সদস্যের সরকারি গাড়ি পার্কিং করা নিয়ে ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের দেয়া কিছু বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। সংগঠনটির দাবি, এ ঘটনায় পুরো পুলিশ বাহিনীর পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পুলিশের ওপর জনগণের আস্থা নেই এমন মন্তব্য শুধু সংশ্লিষ্ট পুলিশ সদস্যকেই নয় বরং পুরো বাহিনীকে অপমানিত করেছে। এর ফলে মাঠপর্যায়ে কাজ করা পুলিশ সদস্যদের মনোবল ভেঙে যেতে পারে বলে সংগঠনটি মনে করছে।

অ্যাসোসিয়েশনের মতে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা ও জরুরি আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় অনেক সময় পুলিশকে রাস্তায় গাড়ি রেখেই দায়িত্ব পালন করতে হয়। এ বাস্তবতাকে বিবেচনা না করে প্রকাশ্যে পুরো বাহিনী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে কাম্য নয়। এমন মন্তব্য পারস্পরিক ভুল বোঝাবুঝি বাড়ায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরো জানানো হয়েছে, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। তাই সব ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত শিষ্টাচার বজায় রাখা জরুরি। কোনো পুলিশ সদস্যের কাজে বিচ্যুতি ঘটলে তা প্রাতিষ্ঠানিক বা আইনি প্রক্রিয়ায় সমাধান করা উচিত বলে মনে করে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, এ সময়ে মনোবল ক্ষুণ্ণকারী বক্তব্য জননিরাপত্তা রক্ষার কাজকে ব্যাহত করতে পারে। পুলিশ অ্যাসোসিয়েশন এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে ভবিষ্যতে আরো সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।