ময়মনসিংহের হালুয়াঘাটে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তামিম (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। এছাড়া সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় সফিউল হাসান সানী (২৯) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তামিমসহ তিন বন্ধু মিলে মোটরসাইকেলে হালুয়াঘাট উপজেলা সদরের দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার ধারা ইউনিয়নের দরিনগুয়া মিলগেট এলাকায় একটি অটোরিকশা যাত্রী তোলার জন্য আচমকা দাঁড়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে তিনজনই ছিটকে সড়কের ওপর পড়ে যায়। এ সময় পেছন থেকে হালুয়াঘাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ না রাখতে পেরে তাদের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে তামিম মারা যায়।

নিহত তামিম উপজেলার নড়াইল ইউনিয়নের খরমা এলাকার মুজিবুর রহমান এমএলের ছেলে। এ বছর খরমা বিকেকে উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার।

অন্যদিকে মোটরসাইকেলে সফিউল হাসান সানী গতকাল সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন। ব্রাহ্মণশাসন নামক এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। সফিউল হাসান সানী সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভালকি গ্রামের নজরুল ইসলামের ছেলে।