মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে মাত্র ১৩৭ রানের টার্গেট দিয়েও জয়ের সম্ভাবনা তৈরি করে বাংলাদেশ। ৬৯ রানে কিউইদের ৬ উইকেট তুলে নেন স্বাগতিক বোলাররা। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশকে জিততে দিলেন না গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার। অনবদ্য ব্যাটিং করে সপ্তম উইকেটে ৭৭ বলে ৭০ রান তুলে তারা কিউইদের জয় নিশ্চিত করেন। ফিলিপস ৪৮ বলে ৪০ ও স্যান্টনার ৩৯ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।
ছোট পুঁজি নিয়েও বাংলাদেশকে আশা দেখাচ্ছিলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। পঞ্চম ওভারে পেসার শরিফুল ইসলামের বলে ডেভন কনওয়ে সাজঘরের পথ ধরেন (৫/১)। এরপর তাইজুল ও মিরাজের ঘূর্ণিতে এলোমেলো কিউইদের ব্যাটিং লাইনআপ। দুজন মিলে তুলে নেন অতিথিদের ৫ উইকেট। মিরাজ তিনটি ও তাইজুল দুটি উইকেট নেন। একে একে সাজঘরে ফেরেন কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, টম ল্যাথাম, টম ব্লান্ডেল ও ড্যারিল মিচেল। যদিও ষষ্ঠ উইকেট পতনের পর দুর্ভেদ্য দেয়াল তৈরি করে রাখেন ফিলিপস ও স্যান্টনার, যা আর ভাঙতে পারেননি মিরাজ, তাইজুলরা।
এ নিয়ে টানা দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ত্রাতা ফিলিপস। প্রথম ইনিংসে কিউইরা ৯৭ রানে ৭ উইকেট হারানোর পরও ফিলিপসের ঝড়ো ব্যাটে (৭২ বলে ৮৭ রান) ম্যাচে টিকে থাকে। সেই ফিলিপসই নিউজিল্যান্ডের জয়ের নায়ক। চিত্রটা অন্য রকমও হতে পারত। ইনিংসের ২২.৩ ওভারের সময় মিরাজের বলে ফার্স্ট স্লিপে ক্যাচ দিয়েছিলেন তিনি। তখন তার নামের পাশে শূন্য রান। যদিও ফার্স্ট স্লিপে তার ক্যাচটি ছেড়ে দেন বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত। জীবন পেয়ে ফিলিপস ৪০ রান করেন, সঙ্গে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন স্যান্টনারকে নিয়ে।
তাহলে বলাই যায়, ফিলিপসের ক্যাচ ছেড়ে ম্যাচ ও সিরিজ জয়ের সুযোগটাই হাত থেকে ফেলে দিলেন শান্ত! প্রথম ইনিংসে ৩১ রানে নিয়েছিলেন ৩ উইকেট। আর ব্যাট হাতে দুই ইনিংসে যথাক্রমে ৮৭ ও ৪০ রানের দুটি দুর্দান্ত নক খেলে ফিলিপসই ম্যাচের সেরা খেলোয়াড়।
এর আগে গতকাল সকালের সেশনে ২ উইকেটে ৩৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ স্পিনার এজাজ প্যাটেল ও স্যান্টনারের ঘূর্ণির সামনে দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৫৯ রান করেন ওপেনার জাকির হাসান। এজাজ ৫৭ রানে ৬টি ও স্যান্টনার ৫১ রানে ৩টি উইকেট নেন।
দুই ইনিংস মিলে কিউইদের ১৩৭ রানের টার্গেট দিতে সমর্থ হয় বাংলাদেশ। এরপর মিরাজ, তাইজুলরা দুর্দান্ত বোলিংয়ে খেলা জমিয়ে দিলেও শেষ হাসিটা হাসেন কিউইরাই।
টানা দুই হারের শঙ্কায় পড়ে যায় কিউইরা। যদিও ফিলিপসের ব্যাটে মান বাঁচল সফরকারীদের। গতকাল ঢাকা টেস্টে জয় শেষে সফরকারী দলের অধিনায়ক টিম সাউদি বলেন, ‘ছেলেরা নিজেদের ওপর বিশ্বাস রেখেছে। ফিলিপস ও স্যান্টনার কঠিন সময়ে অ্যাটাকিং ব্যাটিং করে দলকে জিতিয়েছে। ফিলিপসের প্রথম ইনিংস আমাদের ম্যাচে রেখেছে।’
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৭২ ও ১৪৪ (জাকির ৫৯, এজাজ ৬/৫৭, স্যান্টনার ৩/৫১)। নিউজিল্যান্ড: ১৮০ ও ১৩৯/৬ (ফিলিপস ৪০*, স্যান্টনার ৩৫*; মিরাজ ৩/৫২, তাইজুল ২/৫৮)। ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)। ম্যান অব দ্য সিরিজ: তাইজুল ইসলাম (বাংলাদেশ)। সিরিজ: ১-১-এ ড্র।










